তোমার কয়েক (দিন) পূর্বের উক্তি- ধর্মীয় জজবাত না থাকিলে যুদ্ধে জয়লাভ করা যায় না- এই উক্তি শুধু যুদ্ধের জন্যই প্রযোজ্য নহে; রাষ্ট্রীয় জীবন, সমাজ ব্যবস্থা, কৃষি, শিক্ষা, শিল্প ইত্যাদি (ক্ষেত্রে) দেশকে সুখী ও সমৃদ্ধশালী করার (সকল) প্রকার কার্যে জরুরী প্রয়োজন ইহা সর্বদা মনে রাখিবে। আল্লাহ তোমার প্রতি সহায় হইবে ।
আমার বয়স ৯৫ বৎসর । তোমাদের মত কর্মশক্তি আমার নাই। তবু ইনশাআল্লাহ মনের বল আছে।
তাই বাংলাদেশসহ সারা বিশ্বের মানবমন্ডলীর কল্যাণের জন্য আল্লাহর রবুবিয়াত প্রচার করিতে ৪টি অনুরোধ রক্ষা করিলে কৃতজ্ঞ হইব ।
(১) সন্তোষ ইসলামী বিশ্ববিদ্যালয়ের সঙ্গে আমার স্থাপিত মওলানা মোহাম্মদ আলী কলেজটি সংযুক্ত করিয়া দিয়া অর্ডিন্যান্স করিয়া মঞ্জুরী প্রদান করিলে বাধিত হইব ।
(২) সন্তোষ পলিটেকনিক, কৃষি কলেজ, ফিশারী, সেরিকালচার, উইভিং, টেইলারিং স্কুল, ডাইরী ফার্ম, পোলট্রি, আদর্শ কৃষি ফার্ম পরিচালনা করিতে ২৫ জন সিনিয়ার ঈমানদার শিক্ষকের ব্যয় মাসিক ১৫ হাজার (টাকা), হোস্টেল ও অন্যান্য গৃহাদি নির্মাণ, মেশিন ক্রয়, লেবরেটরীর যন্ত্রপাতি ক্রয় বাবদ ও বিশেষজ্ঞ কারিগরদের ব্যয় মাসিক ১ লক্ষ ২০ হাজার টাকা লাগিবে। আর আদর্শ কৃষি ফার্মের জন্য ৮০ বিঘা জমি ক্ষতিপূরণ দিয়া হুকুম দখল করিয়া দিতে হইবে। কৃষি ফার্মের জন্য তাহার ক্ষতিপূরণ আড়াই লক্ষ টাকা। এই প্রতিষ্ঠান দ্বারা সমাজ ও দেশের কল্যাণ হইবে । আমার ক্ষুদ্র শক্তি দ্বারা ৬০ লক্ষ টাকার মত খরচ করিয়াছি। এই প্রতিষ্ঠান তুমি নিজে দেখিয়া অর্থ ব্যয় করা সঙ্গত মনে করিলে সরকারী তহবিল হইতে খরচ করিবার
নির্দেশ দিলে সুখী হইব।
(৩) আমার বহু কষ্টের ও অর্থ ব্যয়ের সাপ্তাহিক হক-কথা মুজিব সরকার বন্ধ করিয়া দিয়াছে। পুনরায় প্রকাশ করার অনুমতি দিবার নির্দেশ টাঙ্গাইলের
ডিসিকে দিলে সুখী হইব। সারা বিশ্বে রবুবিয়াত প্রচার করিব। ইংরেজী ও বাংলা ভাষায় প্রকাশ করা হইবে।
(৪) আমার কষ্টের ও অর্থ ব্যয়ের হাজী মহসীন কলেজ স্থাপিত করিয়াছি। মহিপুর, পাঁচবিবি থানা, জিলা বগুড়া। উক্ত কলেজ সরকারী ব্যয়ে চালাইলে বাধিত (হইব)।
N.B আমার শেষ জীবনের শেষ কাজ তোমার নিকট শেষ অনুরোধ।” (০৮/১১/৭৫)
[সাপ্তাহিক হক কথা, ৯ জুন, ১৯৭৮]










