1/4আল্লাহর জমিনে তাঁর দ্বীন ও দাসত্ব প্রতিষ্ঠাই মানবসৃষ্টির মূল উদ্দেশ্য। এই লক্ষ্যকে সামনে রেখেই বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রতিটি নেতাকর্মী কাজ করে যাচ্ছেন। তাঁরা সৎ, যোগ্য ও দেশপ্রেমিক নাগরিক হিসেবে গড়ে উঠে সমাজে ন্যায়বিচার ও নৈতিকতা প্রতিষ্ঠায় প্রতিশ্রুতিবদ্ধ।
বাংলাদেশ জামায়াতে ইসলামীর ঢাকা অঞ্চল দক্ষিণের উদ্যোগে জেলা ও মহানগরীর কর্মপরিষদ সদস্যদের নিয়ে আয়োজিত দু’দিনব্যাপী শিক্ষা শিবিরে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন সংগঠনের সেক্রেটারি জেনারেল ও সাবেক সংসদ সদস্য মিয়া গোলাম পরওয়ার। ১৬ ও ১৭ অক্টোবর অনুষ্ঠিত এ শিক্ষা শিবিরে বিভিন্ন জেলা ও মহানগরী থেকে আগত কর্মপরিষদ সদস্যরা অংশগ্রহণ করেন।
প্রধান অতিথির বক্তব্যে মিয়া গোলাম পরওয়ার আরও বলেন, “ইসলাম কেবল ব্যক্তিগত উপাসনার মধ্যে সীমাবদ্ধ নয়; বরং এটি মানবজীবনের সর্বক্ষেত্রে আল্লাহর বিধান বাস্তবায়নের একটি পূর্ণাঙ্গ জীবনব্যবস্থা। একটি কল্যাণরাষ্ট্র গঠনে নেতাকর্মীদের কুরআন ও সুন্নাহর আলোকে নিজেদের জীবন গঠনের পাশাপাশি সমাজের সর্বস্তরে দ্বীনের দাওয়াত পৌঁছে দিতে হবে।”
কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা অঞ্চল দক্ষিণের পরিচালক সাইফুল আলম খান মিলন এমপির পরিচালনায় এবং কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও নারায়ণগঞ্জ মহানগরীর আমীর মাওলানা আবদুল জব্বারের সার্বিক ব্যবস্থাপনায় শিক্ষা শিবিরটি সুষ্ঠুভাবে সম্পন্ন হয়।
দু’দিনব্যাপী এ শিক্ষা শিবিরে বিভিন্ন বিষয়ে বিষয়ভিত্তিক ও গবেষণাধর্মী আলোচনা উপস্থাপন করেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নেতারা। আলোচনায় অংশ নেন—
-মাওলানা আবদুল হালিম, সহকারী সেক্রেটারি জেনারেল।
-ইজ্জত উল্লাহ এমপি, কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য।
-ড. মাওলানা আবদুস সামাদ, কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য।
-অ্যাডভোকেট মতিউর রহমান আকন্দ, কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য।
-আবদুর রব, কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য।
শিক্ষা শিবিরে বক্তারা সংগঠনের লক্ষ্য ও উদ্দেশ্য বাস্তবায়নে জ্ঞানার্জন, আত্মশুদ্ধি এবং দাওয়াতি কার্যক্রম সম্প্রসারণের ওপর বিশেষ গুরুত্বারোপ করেন। তাঁরা নেতাকর্মীদের ব্যক্তিগত, সাংগঠনিক ও সামাজিক জীবনে ইসলামী মূল্যবোধের প্রতিফলন ঘটানোর আহ্বান জানান।
অনুষ্ঠানের শেষপর্বে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর সার্বিক কল্যাণ কামনায় বিশেষ দোয়া ও মোনাজাতের মাধ্যমে শিক্ষা শিবিরের সমাপ্তি ঘটে।









